নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজনের বদলে আশা ও ঐক্যই রাজনীতির ভিত্তি হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিটে কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। তার মতে, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতেই টেকসই উন্নয়ন সম্ভব।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী, যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন বাংলাদেশে নারীদের শিক্ষা ও সামাজিক-রাজনৈতিক অংশগ্রহণে কোনো বৈষম্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, সমান সুযোগ, ন্যায় ও মানবিক রাষ্ট্রে বিশ্বাসী সকলের সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।