নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, যেখানে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস ও সৈনিকদের দরবারে সেনাপ্রধান নির্বাচনের দায়িত্ব বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটের মাঠে কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাত সহ্য করা হবে না।
সেনাপ্রধান আরও বলেন, দীর্ঘদিন ধরে সেনাসদস্যরা দেশের ক্রান্তিলগ্নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, যা জাতি চিরকাল স্মরণ রাখবে। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্যে ধৈর্য ধরে দায়িত্ব পালনের পাশাপাশি, শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন যেন নির্বাচনে সহিংসতা রোধ করা যায়।