ঝিনাইদহে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ক্ষোভে ৪০ কেজি দুধে গোসল করা ব্যক্তির ঘটনা

বিবাহবিচ্ছেদের পর সর্বস্ব হারানোর অভিযোগ, অভিনব প্রতিবাদে এলাকায় আলোড়ন

নিজস্ব প্রতিবেদক

নিজের সব সহায়-সম্বল দিয়েও সংসার টিকিয়ে রাখতে না পেরে নিঃস্ব হওয়ার অভিযোগ তুলেছেন ঝিনাইদহের রাজ্জাক মণ্ডল (৪২) নামের এক ইজিবাইকচালক। স্ত্রীর সঙ্গে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে তিনি ৪০ কেজি গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রাজ্জাক মণ্ডল সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। চার বছর আগে ভালোবেসে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে স্বর্ণালংকার, নগদ টাকা ও গবাদিপশু উপহার দেন। শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও সম্প্রতি স্ত্রী নতুন কিছু শর্ত দেন বলে জানান রাজ্জাক। সেই শর্ত মানতে না পারায় স্ত্রী তাকে তালাক দেন এবং দেওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যান বলে তার অভিযোগ।

রাজ্জাক মণ্ডল বলেন, বিবাহবিচ্ছেদের পর তিনি আইনগতভাবে দায়মুক্ত হলেও সর্বস্ব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই কষ্ট থেকেই দুধ দিয়ে গোসল করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

রাজ্জাকের প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, তাদের তিনটি সন্তান থাকা সত্ত্বেও রাজ্জাক দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়ে দেন। পরে ওই স্ত্রী অর্থসম্পদ নিয়ে তাকে ছেড়ে চলে যান বলে তিনি দাবি করেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, পারিবারিক সিদ্ধান্তে তালাকের ঘটনা শোনা গেলেও দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের বিষয়টি এলাকায় বিরল ও আলোচিত ঘটনা হয়ে উঠেছে।