বিশ্বকাপ বর্জনের ডাক দিচ্ছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি বিশ্বকাপ সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে


অনলাইন ডেস্ক


বিশ্বকাপ ফুটবল আয়োজনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি ও অভ্যন্তরীণ সমস্যার কারণে বর্জনের আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তিনি ফুটবলভক্তদের বলেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ করাই উত্তম। এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ ও সুইস আইনজীবী মার্ক পিথও বিশ্বকাপ বর্জনের পক্ষপাতী হয়েছিলেন।

মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে বিক্ষোভকারী রেনি গুডের মৃত্যু এবং অন্যান্য সাম্প্রতিক ঘটনাগুলো পিথের যুক্তরাষ্ট্র বর্জনের কারণ হিসেবে উল্লেখ করা হয়। জার্মান ফুটবল নেতাও বয়কটের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তবে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আহ্বানের বিপরীতে বিশ্বকাপকে সমর্থকদের জন্য উৎসব হিসেবে উপস্থাপন করেছেন এবং সবাইকে একসঙ্গে খেলা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও নিষেধাজ্ঞার কারণে আফ্রিকার সেনেগাল, আইভরি কোস্ট, ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্র যাত্রায় সীমাবদ্ধতা রয়েছে। এই বিষয়গুলো বিশ্বকাপ বর্জনের আলোচনায় জ্বালানি যোগ করেছে।