দুর্নীতিকে রাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে অভিহিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সমর্থক না থাকার কারণে ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এবং এতে নির্বাচন ভণ্ডুল হওয়ার বা দেশে অস্থিরতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। দেশের বাইরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
কাশিমপুর কারাগারে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কারাগারে থাকা বন্দিদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করে তাদের সমাজে সংশোধিত নাগরিক হিসেবে ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব।
দুর্নীতিকে একটি রাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অভ্যন্তর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ভেঙে দেয়। তিনি বলেন, কোনো কারা সদস্য ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করলে সে শুধু আইন ভঙ্গ করে না, রাষ্ট্রের ভিত্তিকেও ধ্বংস সাধন করে।
তিনি আরো বলেন, কারা সদস্যদের জনকল্যাণের প্রতি ন্যায্য দায়িত্ববোধ থাকা উচিত, কারণ তারা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের অর্থে কর্মরত সরকারি কর্মকর্তা।
এই বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের দুর্নীতি দমন ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি জোর দেন।