বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণ

বাংলাদেশ-ভারতের সম্পর্ক জোরদারে খালেদার অবদান স্মরণীয় রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়। একই প্রস্তাবে ভারতের রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক জানানো হয়েছে।

খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় উপস্থিত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর এই অবদান সব সময় স্মরণ করা হবে।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন রাজনাথ সিং। তাঁর লেখা বার্তায় বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তাঁর উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণীয় থাকবে।”