কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রচারণা

শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণভোটে অংশগ্রহণের আহ্বান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:


নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকায় কলমাকান্দা উপজেলার চারজন শহীদ হন এবং আহত হন ২০ জনেরও বেশি মানুষ। সেই আন্দোলনের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে সক্রিয় ভূমিকা রাখছেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।


kalmakanda referendum yes vote campaign 1

উপজেলা জুড়ে ভোটের গাড়িতে করে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন কলমাকান্দা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মামুন। তাঁর নেতৃত্বে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানাচ্ছেন।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনাকে বাস্তব রূপ দিতে রাষ্ট্র সংস্কার জরুরি। গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলেই শহীদদের রক্তের মর্যাদা রক্ষা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কারে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আইনি ভিত্তি নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট আয়োজন করা হয়েছে।