ভোট দিলে বিয়ের ব্যবস্থা করার মন্তব্যে আলোচনায় আশা মণি

ব্যতিক্রমী প্রচারণায় তরুণ ভোটারদের দৃষ্টি কাড়লেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক


ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনি মাঠে স্বতন্ত্র প্রার্থী আশা মণি এখন আলোচনার কেন্দ্রে। বড় রাজনৈতিক প্রতিশ্রুতির বদলে ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল তুলেছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিজয়ী হলে তরুণদের বিয়ে সহজ করতে সহায়তা করবেন। মুহূর্তেই তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

তরুণ ভোটারদের ভিড়ে আশা মণি বলেন, “অনেকেই আমাকে বিয়ের ব্যবস্থা করার কথা বলছেন। আমার একটাই অনুরোধ—বিয়ের উপহার হিসেবে আমাকে একটি করে ভোট দিন।” তরুণদের পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছেও একই আহ্বান জানান তিনি।

তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের ঝড় উঠেছে। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কেউ বেহেশতের কথা বলে, আর আশা মণি আপা বউ-স্বামীর কথা বলছেন।’

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী হিসেবে আশা মণি ইতোমধ্যে নির্বাচনি আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছেন।