১২ ফেব্রুয়ারি বিকাল ৪টার আগে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশের বিভিন্ন জেলায় পৌঁছানো শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় সোয়া চার লাখ ব্যালট ফিরে এসেছে, যা প্রবাসী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যারা ১২ ফেব্রুয়ারি বিকাল চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের পোস্টাল ব্যালট পৌঁছে দিবে, তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে জানা যায়, চার লাখ ৯৪ হাজার ১৮৫ জন প্রবাসী ভোট দিয়েছেন, যার মধ্যে চার লাখ ৬৮ হাজার ৯১ জন তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে পাঁচ লাখ ২৭ হাজার ৩৩ জন ইতোমধ্যে ব্যালট পেয়েছেন। কমিশন তাদের দ্রুত ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে অনুরোধ করেছে।
দেশের ভেতরে ভোটারদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা রয়েছে। শনিবার পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিন লাখ ৮১ হাজার ৭ ভোটার ব্যালট সংগ্রহ করেছেন এবং ৩২১ হাজারের বেশি ভোট দিয়েছেন। এছাড়া দুই লাখ ৭৬ হাজারের বেশি ভোটার ভোটদান শেষে ডাক অফিসে তাদের ব্যালট জমা দিয়েছেন।
এছাড়া, পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ রয়েছে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য।
এভাবে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত আছেন।
এনসিপি নেতা আখতারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি