মোটরসাইকেলে এসে হামলা, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান
নেত্রদর্পন ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে ও বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যেভাবে ঘটল হামলা
স্থানীয়রা জানান, বুড়ইল এলাকার বখাটে যুবক শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়।
তারাবির নামাজ শেষে মিলন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকাকালে শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তকে নিয়ে সেখানে আসে।
তারা কোনো রকম আলাপচারিতা ছাড়াই মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
নন্দীগ্রাম থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
