পরিবহন খাতে ‘অলিখিত বিধি’র কথা উল্লেখ; জোরপূর্বক আদায় হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
সমঝোতার ভিত্তিতে টাকা তুললে তাকে চাঁদা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘সমঝোতার ভিত্তিতে তোলা অর্থ চাঁদা নয়’
শেখ রবিউল আলম বলেন, ‘মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তোলে। এটি একটি অলিখিত বিধির মাধ্যমে হয়। ওই টাকা আবার তারা নিজেদের কল্যাণেই ব্যয় করে। চাঁদা তাকেই বলা যায়, যা কেউ দিতে চায় না বা দিতে তাকে বাধ্য করা হচ্ছে।’
কল্যাণ তহবিল নিয়ে বিতর্ক
তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তোলে, যা মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় তা জানি না, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু সমঝোতার ভিত্তিতে তারা এটি করে; সেখানে যে মালিক বা দল ক্ষমতায় থাকে, তারা প্রাধান্য পায়।’
মন্ত্রী আরও বলেন, ‘এটিকে চাঁদা হিসেবে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে চাঁদাবাজি যদি কেউ করতে আসে, সেই সুযোগ নেই।’