প্রতিশোধমূলক হামলার অভিযোগ; আইনগত পদক্ষেপের আশ্বাস পুলিশের
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার।
আহতদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তাদের প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু ও তার সহযোগীরা হামলায় নেতৃত্ব দেন। তারা জানান, হামলার মূল কারণ তারা বিএনপি করার জন্য প্রতিশোধ নেওয়া। তবে অভিযুক্ত টুকু অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
