নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার (১৫ এপ্রিল) ভোরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই কর্মসূচির একটি ভিডিও। নগর যুবলীগ নেতা গোলাম সামদানি জনি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।
চট্টগ্রাম কোর্ট হিলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার ও বার অ্যাসোসিয়েশন ভবনসহ নানা সরকারি স্থাপনা রয়েছে।
নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে এই মানববন্ধন হয়েছে। তখনো অফিস-আদালত খুলেনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানা, ঘটনাটি কখন ঘটেছে তা তিনি নিশ্চিত নন। ঘটনার দিন তারিখ এবং অংশগ্রহণকারিদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগেই ভোরে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যেখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছে। এলাকাটি নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।