লিবিয়ার হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিতে চায় দেশটির সরকার; বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটির সরকার।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতে বহু বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী লিবিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বর্তমানে অনেকে দক্ষতার সঙ্গে কাজ করছেন।
তিনি আরও উল্লেখ করেন, বেতন-ভাতা অনিয়মিত থাকা সত্ত্বেও বাংলাদেশি পেশাজীবীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা তাদের প্রতি আস্থা আরও বাড়িয়েছে।
রাষ্ট্রদূত বর্তমানে কর্মরত বাংলাদেশিদের বেতন নিয়মিত করা এবং বকেয়া পরিশোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি চুক্তি নবায়ন, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জবাবে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বেতন বকেয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ইতোমধ্যে বেতন নিয়মিত করা হয়েছে এবং বকেয়া পরিশোধে একটি বিশেষ কমিটি কাজ করছে।
বৈঠকের শেষে উভয়পক্ষ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়।
