হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীতহত্যার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

দুর্গাপুরে একের পর সহিংস ঘটনায় ক্ষোভ এলাকাবাসীর , দ্রুত আইনি পদক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবেশীদের মধ্যে তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সহিংসতায় ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টার দিকে তেরী বাজার এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান শুরু করে। রাতে দুর্গাপুর থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তাঁর বোনজামাই মাজেদুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পরদিন ভোরে নেত্রকোনার মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যে মূল অভিযুক্ত নূর মোহাম্মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।