নতুন কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক, পদপ্রাপ্তিতে এলাকায় উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সদ্য ঘোষিত কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান সাজ্জাদ হোসেন শাওন। তরুণ এই ছাত্রনেতার পদপ্রাপ্তিতে নিজ এলাকা দুর্গাপুরে বইছে আনন্দের আবহ।
জানা গেছে, গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন কমিটি একযোগে প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর স্বাক্ষরে ৪ এপ্রিল অনুমোদিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান লিপকন। একই কমিটিতে দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা সাজ্জাদ হোসেন শাওনকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পদপ্রাপ্তির পর থেকেই শাওনকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও তিনি পাচ্ছেন অভিনন্দন ও শুভকামনা।
প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন শাওন বলেন,
“আমি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলসহ সকল রাজনৈতিক সহযোদ্ধার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ছাত্ররাজনীতিতে সক্রিয় এই নেতা এর আগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর পৌর ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
