নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যে যাই বলুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর।
রোববার রাতে যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচন সুষ্ঠু করতে অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ও অভিযোগ গ্রহণে হটলাইন চালুর কথা জানান প্রধান উপদেষ্টা।
বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে এবং উভয় ক্যাম্পেইন একসঙ্গে চলবে।
বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।