নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করতে নির্বাচনি সময়কালে বিসিএসসহ সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে চাকরিপ্রত্যাশীদের একটি প্রতিনিধি দল সিইসির দপ্তরে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে জালাল আহমদ বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তরুণ ভোটাররা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচন তরুণদের জন্য রাষ্ট্র পরিচালনায় মত প্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ। এই সময় তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচনকালেই ৫০তম বিসিএস প্রিলিমিনারি, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থাকায় তরুণদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হচ্ছে, যা নির্বাচনী প্রচারণা ও অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার স্বার্থে ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব চাকরির পরীক্ষা স্থগিত রাখা জরুরি।
এ সময় চাকরিপ্রত্যাশীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি স্থগিত রাখা, একই সময়ে সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা এবং নির্বাচনকালে নতুন কোনো চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা না করা।