অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে আক্ষেপ করে বলেছেন, আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত না করায় এখন শুধুমাত্র শান্তির বিষয়েই ভাবার কোনো বাধ্যবাধকতা তিনি অনুভব করছেন না।
সোমবার (১৯ জানুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় ট্রাম্প এ মন্তব্য করেন এবং তাকে পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকেই দায়ী করেন। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে।
বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। জবাবে স্টর জানান, নোবেল শান্তি পুরস্কার নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে।
ট্রাম্প বলেন, শান্তি তার কাছে এখনও গুরুত্বপূর্ণ, তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী সবচেয়ে ভালো, সেটাই অগ্রাধিকার দেবেন।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের টানাপোড়েন বাড়ছে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘পুরোপুরি ভুল’ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।