নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার।
দাবানলে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং অন্তত ২৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ২০ হাজার হেক্টর বা ৫০ হাজার একর এলাকা পুড়ে গেছে। এসব অঞ্চলে একযোগে সক্রিয় রয়েছে অন্তত দুই ডজন আগুন।
রোববার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে, যার ফলে সেনাবাহিনীও অভিযানে যুক্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, অতিরিক্ত তাপমাত্রা ও প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘমেয়াদি খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে ঘন ঘন ভয়াবহ দাবানল দেখা দিচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দাবানলে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১৩০ জনের বেশি মানুষ।