সরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৩৩ হাজার ৫১৩ জনকে। এর মধ্যে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর আওতায় গ্রেফতার ১৯ হাজার ৮৫৪ জন।


অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার করতে চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে।


তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।