অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে হবে, না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো ভারতে না খেলার আবেদন জানিয়ে এগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল, যা আইসিসির সঙ্গে আলোচনায় সমাধান হয়নি।
আইসিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ যদি খেলতে না যায়, তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
এর আগে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রীড়াবিষয়ক সম্পর্কের অবনতি হয়েছে। ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল।
সূত্র – এএফপি