আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,কাল থেকে শুরু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা,নির্বাচন কমিশনের প্রস্তুতি,প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে,ভোটের মাঠে শেষ মুহূর্তের হিসাব
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরদিনই প্রতীক বরাদ্দ দিয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সে অনুযায়ী আজ প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভিন্ন ব্যালটে গণভোটও হবে।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইসি জানিয়েছে, প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা বাংলা বর্ণানুক্রমে প্রকাশ করা হবে।