২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়ে অবস্থান নিচ্ছে জার্মানি

বয়কটের পেছনের কারণ ,ফিফা ও আয়োজকদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতির প্রেক্ষিতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যরা জার্মান ফুটবল ফেডারেশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জার্মান সরকারও বিষয়টি সমর্থন করছে।

ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ডেনমার্ক, জার্মানি ও ইউরোপের সাত-আটটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা কার্যকর হলে বিশ্বকাপ বর্জনের পথ খুলে যেতে পারে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ হলেও অধিকাংশ ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অবনতি হলে ইউরোপের আরও দেশ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিতে পারে।

বর্তমানে জার্মানি নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপ বর্জনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। রাজনীতিবিদরা জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন, যেখানে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ মানুষ বিশ্বকাপ বয়কটের পক্ষে, আর ৩৫ শতাংশ খেলায় অংশগ্রহণের পক্ষপাতী।