অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু
নাটোর সংবাদদাতা
নাটোরের সিংড়ায় কলেজশিক্ষক ও বিএনপি নেতা রেজাউল করিম (৫৩)কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা ও নিহতের সমর্থকরা প্রতিবেশী মুদিদোকানী আব্দুল ওহাবের বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর জানা যায়, আগুনে পুড়ে আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়া (৭০) নিহত হয়েছেন।
নিহত রেজাউল করিম কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি ছিলেন।
নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী বলেন, ছোট ভাই কলেজ শিক্ষক হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়েও তদন্ত চলছে।