নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনা
নিজস্ব প্রতিবেদক
কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা কিংবা টুর্নামেন্টে অংশ না নেওয়ার কঠিন সিদ্ধান্তের মুখে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় থাকল সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডভুক্ত ক্রিকেটারদের নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। তার ভাষায়, এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং এতে তারা দৃঢ় অবস্থানে রয়েছেন।
আসিফ নজরুল আরও বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ আমলে না নিয়ে সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি এ বিষয়ে ন্যায্য সিদ্ধান্ত নেবে।
এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ এখনও টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় এবং এ লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাবেন।