জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট–এর হাতে এক কূটনীতিকের সঙ্গে ঢাকার নারী সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও এসেছে, যেখানে মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন ইসলামপন্থার দিকে ঝুঁকে পড়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়।
কূটনীতিক আরও বলেন, জামায়াত শরীয়াহ আইন চালু করবে না বলে বিশ্বাস করেন, এবং যদি শরীয়াহ আইন চাপিয়ে নারীদের কাজের সময় সীমাবদ্ধ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পে শুল্ক আরোপসহ কঠোর পদক্ষেপ নেবে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই এ আলোচনার সত্যতা স্বীকার করেছেন, তবে জানিয়েছেন এটি ছিল নিয়মিত ও অনানুষ্ঠানিক বৈঠকের অংশ এবং যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
জামায়াতে ইসলামের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ রহমান ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ওয়াশিংটনে ও ঢাকায় জামায়াত ও যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে জামায়াতের।