নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই বলে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, এবার প্রতিটি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য (দুইজন পুলিশ ও তিনজন আনসার) এবং অস্ত্র ছাড়া ১০ জন আনসার মোতায়েন থাকবে। এর পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ভোট দিতে পারবেন।