যৌথ কার্যক্রমের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জ্যেষ্ঠ চিকিৎসা নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে কাজ করছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। সফরের উদ্দেশ্য ছিল চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সক্ষমতা উন্নয়ন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, এই সম্পৃক্ততা সামরিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদার এবং অংশীদারদের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের লক্ষ্যকে সমর্থন করে।
সফরকালে মেজর জেনারেল কক্স ঢাকায় বৈঠক করেন এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন।
তিনি আরও জানান, এ সফরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া ও চিকিৎসা খাতে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি তৈরি হয়েছে, যা কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।