ট্রাম্পের মন্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষোভ, ন্যাটো নিয়ে ফের বিতর্ক
নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় ও ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের বক্তব্য—ন্যাটো মিত্ররা আফগানিস্তানে ‘সামনের সারিতে ছিল না’—কে তিনি ‘অপমানজনক ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন।
স্টারমার বলেন, এমন ভুল বক্তব্য দিলে তিনি নিজে ক্ষমা চাইতেন এবং আফগান যুদ্ধে নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনার ত্যাগের কথা স্মরণ করেন। তবে হোয়াইট হাউস স্টারমারের সমালোচনা প্রত্যাখ্যান করে জানায়, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি অবদান রেখেছে।
ট্রাম্পের মন্তব্যের জেরে ইউরোপজুড়ে ক্ষোভ দেখা দেয়। নেদারল্যান্ডস ও পোল্যান্ডসহ একাধিক দেশ বক্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করে। এ বিষয়ে প্রিন্স হ্যারি বলেন, আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাদের ত্যাগ সত্য ও সম্মানের সঙ্গে স্বীকৃতি দেওয়া উচিত।