ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর

আটঘুরিয়া বাজার এলাকা থেকে উৎপত্তি, ভূমিকম্পটি অগভীর বলে ধারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে জেলার আটঘুরিয়া বাজার এলাকায়। ভূমিকম্পটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে নিজস্ব আবহাওয়া অফিস না থাকায় পাশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাত্রার তীব্রতা কম হওয়ায় সবাই কম্পনটি অনুভব করতে পারেননি।