bhola road accident casualties

পৃথক দুই ঘটনায় অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ এলাকার শিল্পী রাণী দাস (৫৫) ও তার ছেলে তুষার দাস (২৫), অটোরিকশাচালক মো. নাসিম (৪৩) এবং বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মো. সোহাগ (২৫)।

লালমোহন উপজেলার গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। মোটরসাইকেলে থাকা তার বন্ধু সিয়াম গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।