মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বদলে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ

প্রায় ৮০ একর জমিতে নতুন উদ্যোগ, বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের অংশগ্রহণ ও সামরিক সরঞ্জামে স্বনির্ভরতার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বে নির্ধারিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক) স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ জানান, মিরসরাইয়ে প্রায় ৮০ একর জমি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বরাদ্দ ছিল। তবে প্রকল্পটি বাতিল হওয়ায় ওই জমিতে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বেজার জাতীয় মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশও এই খাতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে এই শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে দেশের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বনির্ভর করার লক্ষ্য নেওয়া হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে যুদ্ধের সময় মৌলিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট তৈরি করে। তাই এসব সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

বেজার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও বেজার মধ্যে দীর্ঘ আলোচনার পরই এ প্রস্তাব চূড়ান্ত হয়েছে। নীতিগত অনুমোদনের পর দ্রুত মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে।

এদিকে একই সভায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং কুষ্টিয়া চিনিকলকে একটি পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।