আমলাদের উদাসীনতা নিয়ে কড়া অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁও বিআরটিতে মন্তব্য করে বলেন, আমাদের দেশের আমলাতন্ত্র মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আছে।
এখান থেকে কোনো কাজ করানো সম্ভব নয়। আমলারা মানুষের সমস্যার প্রতি সম্পূর্ণ উদাসীন এবং তারা কোনো পরিবর্তন চান না। তারা কেবল নিজেদের সুবিধার কথা ভাবেন।
ফাওজুল কবির আরও বলেন, “বিদেশে যেখানে হর্ন বাজানোকে অপমানজনক মনে করা হয়, সেখানে আমরা দেদারসে হর্ন বাজাই। আমরা পেছনের দিকে হাঁটছি। আমলাতন্ত্রই আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার কয়েকদিনের মধ্যে চলে যাবে, কিন্তু সমস্যাগুলো থেকে যাবে। এগুলো অবশ্যই সমাধান করতে হবে। জনস্বার্থের কথা আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে।”
ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়মাবলী সম্পর্কেও তিনি তথ্য দেন। তার ভাষ্য, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা প্রশিক্ষণ নেবে, তাদের সরকার ভাতা দেবে। ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই লাইসেন্স পাবে।
ফাওজুল কবির বলেন, “আমরা সিস্টেমটিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার চেষ্টা করছি, যাতে জনগণ সঠিক সেবা পায়।”