আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানাচ্ছেন আখতার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সেনাবাহিনীকে তৎপর থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও তৎপর থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড পরিস্থিতির অবনতি নির্দেশ করে। গত ৫৪ বছর ধরে দেশের মানুষ যে শাসনব্যবস্থায় নিপীড়িত হয়েছে, তারা এখন অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা চায়।

আখতার হোসেন আরও বলেন, ‘সরকারের ভ্যাট-ট্যাক্স ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’

এ সময় ভোটাররা গান গেয়ে তাকে উৎসাহিত করেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১০ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচন করবেন।

এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), সমাজতান্ত্রিক দলের প্রগতি বর্মণ তমা (কাঁচি), খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।