দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও সহিংসতায় প্ররোচনার অভিযোগ ঢাকার

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত শেখ হাসিনা গত ২৩ জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপসারণের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসে উসকানি দেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তর না করায় ঢাকা গভীর ক্ষোভ প্রকাশ করছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতির পরিপন্থি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং বাংলাদেশ-ভারত ভবিষ্যৎ সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের এসব উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার দায় সংশ্লিষ্টদের ওপরই বর্তাবে এবং তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।