দুই ধাপে সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত করা হয় প্রার্থীদের নাম
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী নেতার স্বজনের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।
যদিও দলীয়ভাবে আগে বলা হয়েছিল, সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে তালিকায় নেতাদের স্ত্রী ও স্বজনদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ১,০২৫টি। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় দিতে হয়েছে ৫০ হাজার টাকা জামানত।
উল্লেখ্য, গত ১৭ ও ১৮ এপ্রিল দুই দফায় প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা।
