কুমিল্লার সমাবেশে স্বাধীনতা রক্ষা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, বিএনপি তা ভালোভাবেই জানে।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষায় মানুষ আবারও জীবন দিয়েছে। এই সংগ্রামে বিএনপির ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, পাশাপাশি আরও সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন। জুলাই যোদ্ধারাই আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য ফ্রি শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল, বহু কৃষকের ঋণ মওকুফ করা হয়। বিএনপি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশ্বাসী। দুর্নীতি নিয়ন্ত্রণ, তরুণ ও শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করতে চায় না। আমরা মানুষের উন্নয়নের কথা বলতে চাই এবং কীভাবে উন্নয়ন করা যায়, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের প্রার্থী হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।