বগুড়া পৌরসভা ছবি: সংগৃহিত।বগুড়া পৌরসভা ছবি: সংগৃহিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সফর ঘিরে টানটান উত্তেজনা ; উদ্বোধনের পাশাপাশি জনসভা ও উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত সূচি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। একই দিন নতুন সিটি করপোরেশনের উদ্বোধনও করবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমান-এর প্রথম বগুড়া সফর। সফরকালে তিনি সিটি করপোরেশন ঘোষণার পাশাপাশি জেলা বিএনপি আয়োজিত জনসভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন।

এ ছাড়া গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে ২১টি ওয়ার্ডে বিভক্ত। সময়ের পরিক্রমায় এর আয়তন ও জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, পৌর এলাকার জনসংখ্যা ৪ লাখের বেশি, যা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পেছনে অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।