সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল আলোচনায়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, অতীত অভিজ্ঞতার কারণে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে নির্বাচনের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত না হলে আগামী নির্বাচন নিয়ে আস্থার সংকট আরও গভীর হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিচারহীনতার সমালোচনা করে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও সাক্ষী-ভুক্তভোগী সুরক্ষা আইন কার্যকরের দাবি জানান। ব্যারিস্টার সারা হোসেন নির্বাচন কমিশনের আরও সক্রিয় ভূমিকা ও কার্যকর অভিযোগ ব্যবস্থার ওপর জোর দেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সংখ্যালঘু অধিকার আদায়ে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর আগের নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক না হওয়ার কথা উল্লেখ করেন।
আলোচনায় পার্বত্য চট্টগ্রাম, হিজড়া ও কুইয়ারসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা আত্মপরিচয়, ভূমি অধিকার ও রাজনৈতিক অন্তর্ভুক্তির অভাবের কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান।