ছাত্রদল নেতা বহিষ্কারছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই সাংগঠনিক সম্পাদক রাকিবুলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

গণভোটের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জুলাইয়ের আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

বহিষ্কার নিয়ে প্রতিক্রিয়ায় রাকিবুল হাসান বলেন, ‘স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই এসব ঘটনার বিচার হোক এবং দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। কিন্তু একটি ফেসবুক পোস্টের কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।’


Read More

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফা, ট্রাম্পবিরোধী বিক্ষোভ তুঙ্গে
দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ
২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখতে ‘ডিপ স্টেট’ সাজিয়েছিল নীলনকশা: আসিফ