নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দায়িত্বে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং দীর্ঘ সময় ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসন্ন নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।