ইসলামী রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতের মওদুদীবাদী জোট ত্যাগের জন্য ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীরকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে তিনি মওদুদীবাদ ও অন্যান্য ভ্রান্ত আকিদার অনুসারীদের নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান। বাবুনগরী বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সহিহ আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থিদের বৃহত্তর ঐক্য গঠন করতে হেফাজত কাজ করছে।
তিনি ইসলামি রাজনীতিতে ইসলামপন্থিদের একক পথচলাকে সময়োপযোগী এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত উল্লেখ করে, জামায়াতের সঙ্গে থাকার কারণে আসা ক্ষতির আশঙ্কা অনেকটাই রোধ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন।
তবে হেফাজত আগামী নির্বাচনে কোনো দলের পক্ষে অবস্থান নেবে না জানিয়ে আহ্বান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে পথ চলবেন।