সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক নাঈমা; নতুন নেতৃত্বে সাহিত্যচর্চায় আরও গতির প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২৫-২৬ সেশনের আংশিক কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেমস রুমে আয়োজিত ‘পরম্পরা : বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর, ও ইফতার মাহফিল’-এ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (মেহেদী) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাঈমা জান্নাতকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষিত হয়।

‘পরম্পরা’ আয়োজনে বিদায়ী সভাপতি মাহাবুবুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় বিদায়ী কার্যনির্বাহী পরিষদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর ও থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।
অন্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি তৈমুর রহমান মৃধা, উপদেষ্টা ও আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুহৃদ সাদিক, উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক অগ্নি কল্লোল রিয়াজ (আমানউল্লাহ রিয়াজ), উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক উপস্থিত থেকে তাঁদের বক্তব্য রাখেন। সংগঠনের মডারেটর তানভীর নাহিদ খান বলেন, শিক্ষার্থীদেরকে শিল্প-সাহিত্যের প্রতি মনোযোগী রাখতে এ ধরনের সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ সফলতার সাথে কাজটি করে যাচ্ছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ তার নানান সাহিত্যিক কাজের মাধ্যমে বাংলাদেশের সাহিত্যচর্চার পথিকৃতে আবির্ভূত হয়েছে। সংগঠনটি সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে সমসাময়িক ও ধ্রুপদী বিষয়সমূহে পাঠচক্র, সভা, সেমিনার, ও প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এছাড়াও প্রতি বছর দেশের অন্যতম বৃহৎ সাহিত্য উৎসব ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব’ আয়োজন করে থাকে।
