বেকারভাতা নয়, সম্মানজনক কাজ দেওয়ার কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেকারভাতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকেই ক্ষমতায় গেলে বেকারভাতা দিতে চাইছেন, আমরা বেকার ভাতা দিয়ে কারও হাতে অসম্মানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত রাজনীতি, সবার জন্য ন্যায়বিচার ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ চিনিকল চালু করা হবে এবং বেকারত্ব দূর করা হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং ঠাকুরগাঁওয়েও একটি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। পাচার হওয়া অর্থ উদ্ধার ও দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি।

ভোটাধিকার নিশ্চিত করা ও বৈষম্য-স্বৈরতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।