দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের অন্যতম নেতা ডা. শফিকুর রহমান দুর্নীতিবাজদের হাত ভেঙে ব্যান্ডেজ করে দিবেন এবং পেটের ভেতর থেকে কালো টাকা বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার সন্ধ্যায় জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের বেকার ভাতা দেয়া হবে না। তোমাদের অপমানিত করতে চাই না। আমরা কাজের ব্যবস্থা করে বেকারদের জীবনমান উন্নত করতে চাই।”

ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদী শাসকদের কঠোর সমালোচনা করে বলেন, তারা শাসন কায়েম রাখতে চেয়েছিল, তবে ২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের কবল থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। তিনি বলেন, “আপনারা আবার ১২ তারিখে ভোটের মাধ্যমে গণ-অভ্যুত্থান করবেন।”

জানানো হয়, জনসভায় জামায়াতের ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আলী আজম মো. আবু বকর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের নেতা মোবারক হোসেন ও এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এছাড়া বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় অংশগ্রহণের পর ডা. শফিকুর রহমান সন্ধ্যায় ঝিনাইদহে জনসভায় অংশ নেন। সমাবেশটি বড় পরিসরে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার জামায়াত কর্মী যোগ দেন।