বক্তব্যের প্রেক্ষাপট ও বিশ্লেষণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ক্ষমতায় বসতে ভারতের সঙ্গে চুক্তি করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডা. তাহের বলেন, তিনটি শর্তে ওই চুক্তি করা হয়েছে। শর্তগুলো হলো—
- ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে।
- বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না।
- দেশের ইসলামপন্থি দলগুলোকে দমন করতে হবে।
তিনি আরও বলেন, ভারত যাদের বন্ধু মনে করে, তারাই দেশে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুট করেছে। আনন্দবাজার পত্রিকা তার কাছে প্রশ্ন করেছিল, জামায়াত হিন্দুদের জায়গা দখল করেছে কি না। জবাবে তিনি বলেন, দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হলেও জামায়াতের একজন নেতাকর্মীও হিন্দুদের জায়গা দখল করেননি।
ডা. তাহের বলেন, ১০-দলীয় জোট এখন একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের দল এবং দেশের বড় ইসলামি দলগুলো যুক্ত রয়েছে। তিনি বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে সবাইকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।
কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।