একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনএকুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহিদদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও মোনাজাত

রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীসহ হাজারো মানুষ অংশ নেন।

মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যক্তিদের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর পর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা জানান।

এরপর বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য বিশিষ্টজন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জনসাধারণের জন্য উন্মুক্ত

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহিদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।


মহান শহিদ দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী