রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক থাকা একটি ভয়ংকর অশনিসংকেত। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তোলেনি। সাম্প্রতিক বিদেশি গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে স্পষ্ট হয়—দুই পক্ষের মধ্যে নীতিগত যোগসূত্র রয়েছে।
ফরহাদ মজহার যুক্তরাষ্ট্রকে বড় ভূরাজনৈতিক শক্তি উল্লেখ করে বলেন, বাস্তবে আন্তর্জাতিক আইন কার্যকর নয়। তিনি ভারতীয় আধিপত্যের সমালোচনার পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও কথা বলার আহ্বান জানান।
আলোচনা সভায় গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় আরও বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস ও কবি-চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।