১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ।

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন, শ্রম আইন সংস্কার, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। তিনি বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যাঁরাই বিজয়ী হবেন, যুক্তরাষ্ট্র তাঁদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।

সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।